জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (একাংশ)— জাগপায় আবারও নেতৃত্ব পরিবর্তনের ঘটনা ঘটেছে। আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
জরুরি বৈঠকে সিদ্ধান্ত
শুক্রবার রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত জাগপার (একাংশ) জাতীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাগপার (একাংশ) নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াজ উল্লেখ করেন, খন্দকার লুৎফর রহমান দীর্ঘদিন ধরে তদবির বাণিজ্য এবং জাগপার আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত। বারবার বলার পরেও তিনি দলের রাজনৈতিক কার্যক্রমে অনীহা প্রকাশ করে আসছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে কয়েক মাস ধরে অংশ নিচ্ছেন না তিনি। তাই জাগপার সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে তাকে বহিষ্কার করা হয়েছে।
নতুন নেতৃত্ব ঘোষণা
একই সঙ্গে সোহেল রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে বলে জানান রিয়াজ।
তবে নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন খন্দকার লুৎফর রহমান। তিনি বলেন, ‘প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাগপার সাথে জড়িত। সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেছি। প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান মারা যাওয়ার পর দলের সারা দেশের নেতাকর্মীরা জাগপা বলতে খন্দকার লুৎফর রহমানকেই বোঝে।’
পূর্ববর্তী পালাবদল
এর আগে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাগপার (একাংশ) সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারীকে করা হয় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার জাতীয় কার্যকরী সংসদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন জাগপার (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমান।



