দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, আটক ১
দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, আটক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শাবলের আঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে ফুলবাড়ী থানা–পুলিশ।

আটক ও নিহতের পরিচয়

আটক মানিক হোসেন (৩৫) ফুলবাড়ী উপজেলার পূর্ব গৌরী পাড়া গ্রামের বাসিন্দা। নিহত কুলসুম আক্তার (৩০) একই উপজেলার স্বজনপুকুর বন্দিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।

ঘটনার বিবরণ

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মানিকের সঙ্গে বিয়ের পর থেকেই কুলসুম বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘরজামাই হিসেবে মানিকও থেকে গেছেন শ্বশুরবাড়িতে। সংসারজীবনে তাঁদের তিন ছেলে। মানিক কোনো কাজকর্ম করতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া–বিবাদ লেগেই থাকত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোমবার রাতে খাওয়াদাওয়ার পর এক ঘরে ঘুমানো নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভোর পৌনে চারটার দিকে শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন মানিক। এ ছাড়া তিনি শাবলের ধারালো অংশ দিয়ে কুলসুমের বুকের ওপর আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মানিককে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশসহ স্বামী মানিককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে কুলসুমের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ