টেকনাফে পল্লী হোমিও চিকিৎসককে অস্ত্রের মুখে অপহরণ
টেকনাফে পল্লী হোমিও চিকিৎসক অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় দিনদুপুরে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিবরণ

রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী পাহাড় থেকে নেমে তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অপহৃত চিকিৎসক হলেন- কামাল উদ্দিন (৬৫), তিনি কামাল মাস্টার নামেও পরিচিত। বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে তথ্য

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাহাড় থেকে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি এলাকায় প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কামাল মাস্টারকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা ফের গুলি ছুড়ে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজনরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিনিধির বক্তব্য

বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ইলিয়াস বলেন, ‘আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি কামাল মাস্টার। নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। অস্ত্রধারীদের গুলিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনদুপুরে এমন ঘটনা ঘটলে মানুষের নিরাপত্তা কোথায়? অপহরণকারীরা গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ের দিকে গেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

উদ্ধার অভিযান

খবর পেয়ে বিজিবির ছয় সদস্যের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অপহৃত ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে পুলিশ। তাকে উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।’