স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রবিবার (৫ জুলাই) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি এক মন্ত্রীর ট্রাফিক সিগনালে আটকে গিয়ে ছেড়ে দিতে বলার ঘটনা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর সতর্কবার্তা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন মন্ত্রী ট্রাফিক সিগনালে আটকে গিয়ে তার গানম্যানকে সার্জেন্টকে বলতে বলেন, 'মন্ত্রী সাহেব আছেন, একটু ছেড়ে দেন।' এই কথাটি প্রধানমন্ত্রীর কানে যায়। কেবিনেট মিটিংয়ে তিনি উল্লেখ করেন, একজন মন্ত্রী এই কাজ করেছেন এবং আর যেন কোনোদিন না শুনি, সো কেয়ারফুল।
প্রধানমন্ত্রীর কঠোর শৃঙ্খলা
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এত বড় প্রাসাদ রেখে অফিস করেন আমাদের নিয়মানুবর্তিতা শেখানোর জন্য। উনি ওখানে বসার পর থেকে আমাদের কলিজা থেকে পানি যায় না। পৌনে ৯টার আগে সব মন্ত্রী, সচিব, অফিসার হাজির। এই সংসদে সকাল থেকে রাত ১১-১২টা পর্যন্ত আমরা অনেক সময় ঘুমঘুম ভাব হয়ে যাই, কিন্তু উনার চোখে একবারও ঘুম দেখি না।
দেশ গড়ার সুযোগ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বাংলাদেশের মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যদি দেশটাকে উন্নত না করতে পারে, আর কোনও প্রধানমন্ত্রী এসে পারবে না। কেন পারবে না জানেন, কারণ আমরা উনাকে ভয় পাই। প্রধানমন্ত্রী কাজ করতে চান দেশের জন্য। কাজেই এই সুযোগ যদি আমরা হারাই, উনাকে ফলো না করি, আমাদের অপরাধ হবে।
উন্নয়নে বরাদ্দ
তিনি বলেন, দেশের স্বার্থে প্রধানমন্ত্রী ৭০ হাজার কোটি টাকা দিয়েছেন। প্রয়োজনে আরও ৩০ হাজার কোটি টাকা এই বছরে উনি বাড়িয়ে দেবেন, যদি আমরা পারফরমেন্স শো করতে পারি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি, দেশটাকে গড়ার একটা সুন্দরতম সুযোগ এসেছে। আপনারা সহযোগিতা করুন, আমাদের নেতা তারেক রহমান উদার হস্তে আপনাদের দেবেন।



