পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন থাকা মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন বন্দিদের মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে আইন ও বিচার বিভাগ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, ফৌজদারি মামলার তদন্ত দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং ফরেনসিক ও বিশেষজ্ঞ প্রতিবেদন সংগ্রহসহ তদন্তের প্রতিটি ধাপ নিয়মিত তদারকি করছেন কগনিজেন্স ম্যাজিস্ট্রেটরা।
অগ্রাধিকার ভিত্তিতে পুরোনো মামলা চিহ্নিতকরণ
এছাড়া পাঁচ বছরের বেশি পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইনমন্ত্রী আরও বলেন, জেলা আইনশৃঙ্খলা সভা এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।



