১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন
১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি

সরকার প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে। রবিবার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে।

কমিটির গঠন ও নেতৃত্ব

পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।

সাংবাদিক প্রতিনিধি

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্য থেকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। এছাড়া রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জেড নিউজ ডট নিউজের নির্বাহী সম্পাদক ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম শফিক আহমেদ এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগের কমিটি বাতিল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি সই করা অফিস আদেশে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের ফলে এ বিষয়ে আগে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।

কমিটির কার্যপরিধি

আদেশে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, কার্ডসংক্রান্ত সব ধরনের আপত্তি ও অভিযোগ গ্রহণ এবং শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করা। পাশাপাশি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় সংযোজন, সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হলে এ বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ