হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ বেগম
হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন মমতাজ বেগম

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলায় জামিন পেয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। জামিনের এ রায়ে মমতাজের মুক্তি মিলছে না, কারণ তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

জামিনের বিষয়ে আদালতের রায়

ঢাকার কোতোয়ালি থানা ও মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় করা দুটি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মমতাজ। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) করে আজ রায় দেওয়া হয়।

আইনজীবীদের বক্তব্য

আদালতে মমতাজের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু, সঙ্গে ছিলেন আইনজীবী মোসা. খায়রুন নেছা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। মমতাজের বিরুদ্ধে থাকা ছয়টি মামলার মধ্যে আজ তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন বলে জানান আইনজীবী মোসা. খায়রুন নেছা। তিনি প্রথম আলোকে বলেন, আরেকটি মামলায় তার জামিন বহাল রয়েছে। অন্য দুটি মামলায় তার জামিন স্থগিত হয়েছে। তবে এ দুই মামলায় তার জামিন প্রশ্নে রুল শুনানির অপেক্ষায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেপ্তার ও অন্যান্য মামলা

এর মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানায় করা জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় ২৪ জুন মমতাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের কয়েকটি থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।