রংপুর মহানগরীর কলেজ রোডের খামারপাড়া মোড় এলাকার একটি হোটেলে ময়লা পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটির জেরে মো. শাওন (২৫) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছেন দোকান মালিকের ছেলে মনু মিয়া (২৮)। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
ঘটনার বিবরণ
মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টায় রংপুর মহানগরীর কলেজ রোডের খামারপাড়া মোড় এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে। মনু মিয়া নগরীর খামারপাড়া মোড় স্টেশন রোড এলাকার বাসিন্দা ও হোটেল মালিক আমির হোসেনের (৫৫) ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মনু মিয়ার সঙ্গে হোটেলের ময়লা পরিষ্কার করা নিয়ে কর্মচারী শাওন মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে শাওন মিয়া চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে প্রকাশ্যে লোকজনের সামনে কুড়াল দিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ
শাওনের বাড়ি লালমনিরহাট আদিতমারী বলে জানা গেছে। ঘটনার পর মনু মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত ডিবি পুলিশের একটি দল তাকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেন মনু।
পুলিশের বক্তব্য
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবেন হত্যার শিকার শাওনের পরিবার।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, এরই মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।



