কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের (৬৫) নামের এক বৃদ্ধকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আবু তাহেরের বাড়িতে দুটি ঢিল ছোড়া হয়। ঢিল ছোড়ার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসেন আবু তাহের ও তাঁর ছেলে মো. তারেক। ঘর থেকে বের হয়ে এলাকার নুর হোছেনের ছেলে মো. সিফাতকে (২৭) দেখতে পেয়ে ঢিল ছোড়ার বিষয়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান দুজন। তাঁদের মধ্যে হাতাহাতিও হয়।
এর এক পর্যায়ে একটি কিরিচ দিয়ে আবু তাহেরের বাঁ হাতে কোপ দিয়ে সিফাত পালিয়ে যান। আবু তাহেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পূর্ববিরোধ ও সালিস
বাসিন্দারা জানান, কয়েক মাস আগে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিফাতের বিরুদ্ধে এলাকায় সালিস হয়। সালিসে মুচলেকা দিয়ে ছাড়া পান সিফাত। সেই সালিসকে কেন্দ্র করে আবু তাহেরের সঙ্গে সিফাতের বিরোধ চলে আসছিল। আবু তাহেরের ছেলে মোহাম্মদ তারেকের অভিযোগ, সিফাতের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তাঁরা ঘটনার পর সিফাতকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।
পুলিশের কার্যক্রম
অভিযুক্ত সিফাত পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “পূর্ববিরোধের জের ধরেই আবু তাহেরকে খুন করা হয়েছে। অভিযুক্ত সিফাতকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।” লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



