বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, 'দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটি বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সাফল্য।'
আওয়ামী লীগ সরকারের আমলে আইজিপি ও র্যাব মহাপরিচালকের দায়িত্ব পালন করা বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতারের খবর রোববার (১৪ জুন) সামনে আসে। ওই দিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীরকে দেশে ফেরাতে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রত্যর্পণ আবেদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত তাকে দেশে আনা সম্ভব হবে।
সীমান্তে পুশইন প্রসঙ্গে
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জামালপুর সীমান্তে ভারতীয় বিএসএফ ১৩১ জন বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করে। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
এছাড়া মিয়ানমার সীমান্তে ৮৯ জনের অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ এবং ২১ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
জাহেদ উর রহমান আরও বলেন, গত ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ পক্ষ পুশইন ও সীমান্ত হত্যার বিষয়ে জোরালো প্রতিবাদ জানায়। সীমান্তে শান্তি, নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও সমন্বিত টহল জোরদারসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।



