বাঁশ কাটা নিয়ে ভাইকে পিটিয়ে হত্যা, বোন গ্রেফতার
বাঁশ কাটা নিয়ে ভাইকে পিটিয়ে হত্যা, বোন গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটাকে কেন্দ্র করে ইব্রাহিম মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বোন নাছিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

বুধবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের পৌছইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া ওই গ্রামের ছেরু মিয়ার বাড়ির মৃত হোছেন মিয়ার ছেলে। গ্রেফতারকৃত নাছিমা বেগম নিহতের আপন বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির বাঁশ কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ভাই ও বোনের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নাছিমা বেগম, তার ছেলে অজিউল্লাহ ও স্বামী কোব্বাত আলী জোরপূর্বক বাঁশ কাটতে গেলে ইব্রাহিম মিয়া বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা ইব্রাহিম মিয়াকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের মেয়ের বক্তব্য

নিহতের মেয়ে আফরোজা আক্তার বলেন, তার ফুফু নাছিমা বেগম, ফুফাতো ভাই অজিউল্লাহ ও ফুফা কোব্বাত আলী সংঘবদ্ধভাবে তার বাবার তলপেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ

খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় নাছিমা বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ