রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় মুক্তা বড়ুয়া (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে জেলা শহরের রিজার্ভমুখ সমাজ সেবা কার্যালয়ের ঘাট এলাকায় এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় ও পারিবারিক পটভূমি
ওই নারী চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। স্বামী অভিজিত বড়ুয়ার চাকরির সূত্রে তারা জেলা শহরের বিজিবি রোডে ভাড়া বাসাতে থাকতেন। তার স্বামী রাঙ্গামাটি পর্যটন ‘হলিডে কমপ্লেক্সের’ মাস্টাররোলের কর্মচারী হিসেবে কর্মরত এবং তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানিয়েছেন, রোববার দুপুরে জেলা শহরের রিজার্ভমুখ সমাজ সেবা কার্যালয়ের ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি জরুরি টিম এসে হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে স্থানীয় এবং মৃত নারীর স্বামী অভিজিত বড়ুয়ার সহযোগিতায় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।
মানসিক ভারসাম্যহীনতার তথ্য
মারা যাওয়া ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে তার স্বামী জানিয়েছেন। তিনি গত শুক্রবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে শনিবার তার স্বামী কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশের বক্তব্য
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মুক্তা বড়ুয়া নামে ওই নারীর পরিচয় শনাক্ত করেছে তার পরিবার। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন দাবি করছে পরিবার। মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।” এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



