বিভিন্ন অনিয়মে অভিযুক্ত রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে শাখাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নিয়োগের উদ্দেশ্য ও প্রেক্ষাপট
বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মূল ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি পাঁচটি শাখার জন্য একজন করে পৃথক শাখাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
শাখাপ্রধানদের তালিকা
শাখাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে রাজধানীর হাজারীবাগ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিমকে মূল বালক ক্যাম্পাসে (৬০ ফিট রোড), কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে রূপনগর আবাসিক এলাকার কলেজ ক্যাম্পাসে, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেনকে রূপনগর আবাসিক এলাকার ব্রাঞ্চ-১ ক্যাম্পাসে, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শেখ শাহরীয়ার হাসানকে ইব্রাহিমপুরে ব্রাঞ্চ-২ ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ নূর-এ-আলমকে শেওড়াপাড়ায় ব্রাঞ্চ-৩ ক্যাম্পাসের শাখাপ্রধান করা হয়েছে।
দায়িত্ব ও কর্তব্য
দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারক করবেন।



