বাগেরহাটে খেলা নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
বাগেরহাটে খেলা নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

বাগেরহাটের মোল্লাহাটে খেলা নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। অভিযুক্ত আউয়াল শেখ (২৬) একই গ্রামের নাবিউল শেখের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় সোহাগ শেখ ও আউয়াল শেখের সন্তানদের মধ্যে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সোহাগ উভয়পক্ষের শিশুদের শাসন করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ৯টার দিকে আউয়াল শেখ বাড়িতে ফিরে সন্তানকে মারধরের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি ওই এলাকার দাউদ চৌকিদারের দোকানের সামনে গিয়ে সোহাগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে আউয়াল তার হাতে থাকা ছুরি দিয়ে সোহাগকে আঘাত করেন।

চিকিৎসা ও মৃত্যু

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত সোহাগ শেখ তিন সন্তানের জনক ছিলেন। তিনি ভ্যানে করে ছোলা-মুড়ি বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, ‘শিশুদের খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আউয়াল শেখ ছুরি দিয়ে সোহাগ শেখকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ