রাজবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
রাজবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোরকে গতকাল সোমবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে।

মামলা ও গ্রেপ্তার

ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত রোববার রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে রেখে পাশের এক আত্মীয়ের বাড়িতে দুধ দিতে যান তার মা। এই সুযোগে প্রতিবেশী কিশোরটি শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।

ঘটনার বিবরণ

ওই সময় শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের খোঁজ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তিনি কিশোরের বাড়ির দিকে এগিয়ে যান। মায়ের উপস্থিতি টের পেয়ে কিশোরটি ঘর থেকে পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হুমকির অভিযোগ

এ ঘটনায় করা মামলাটি প্রত্যাহারের জন্য বাদীপক্ষকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান শিশুটির বাবা। আজ মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নিরীহ মানুষ। কিশোরটির পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা দায়েরের পর থেকে নানাভাবে হুমকি–ধমকি দিয়ে আসছেন তাঁরা। এমনকি আমাকে বাড়ি থেকে বের হতে দেবে না বলা হচ্ছে। আজ দুপুরেও আমাকে মারার চেষ্টা করেছে। পরে বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

বিচার ও নিরাপত্তার দাবি

ওই ঘটনার বিচার দাবি করে শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে উপযুক্ত শাস্তি চাই। একই সঙ্গে আমার পরিবারের নিরাপত্তা চাই।’

পুলিশের বক্তব্য

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার কিশোরকে আদালতের মাধ্যমে গাজীপুরের কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযোগকারী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ