রাজধানীর বংশালের নয়াবাজার এলাকার একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিসার আলী ওই বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু ভাড়াটের ঘরে আলো জ্বলতে দেখে এগিয়ে যান এবং নিসারকে ডাকাডাকি করেন। তবে দীর্ঘ সময় ডেকেও কোনো সাড়া পাননি। পরে দরজার পর্দা সরিয়ে ভাড়াটের পা বাঁধা অবস্থায় দেখেন। তখন তিনি প্রতিবেশী কয়েকজনকে ডেকে বিষয়টি দেখান। ওই সময় ঘরের ভেতর বিছানার ওপর নিসার আলীর হাত-পা বাঁধা মরদেহ পড়ে ছিল। পরে বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল করেন।
পুলিশের কার্যক্রম
খবর পেয়ে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারণা, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পরিবারের তথ্য
পারিবারিক সূত্র জানায়, নেসার আলীর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি এলাকায়। তার বাবা মৃত হযরত আলী মুন্সি। কাপড়ের ব্যবসার কাজে ঢাকায় আসেন নেসার। প্রায় তিন মাস আগে তিনি ওই বাসা ভাড়া নেন এবং একাই সেখানে থাকতেন। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতের ছেলে মো. ইমরান ঢাকা নিউ মডেল কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মানিকনগরের কুমিল্লা পট্টি এলাকায় একটি মেসে থাকেন।



