খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের ফান্ড থেকে এই টাকা আত্মসাৎ করেন।
ঘটনার সূত্রপাত
সোমবার (১১ মে) শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গেলে এই জালিয়াতির ঘটনা জানাজানি হয়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
ডিসিপ্লিন প্রধান যা বললেন
খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান আমার এবং তার কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ইএমবিএ প্রোগ্রাম ফান্ডের ১৮ লাখ টাকা তুলে নিয়েছেন। এই টাকার মধ্যে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও পরীক্ষার ফিসহ অন্যান্য খাতের অর্থ রয়েছে।’
তদন্ত কমিটি গঠন
তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি মঙ্গলবার বিকেলে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। তদন্ত রিপোর্টের সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্তের বক্তব্য
অভিযুক্ত সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান বলেন, ‘এ ব্যাপারে আমি আগামীকাল (বুধবার) অফিসে যাবো। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার বক্তব্য জানাবো।’



