পটুয়াখালীর বাউফল উপজেলায় তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ আছে চার কিশোরী। রবিবার (১০ মে) বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে চার পরিবার ও স্বজনদের।
ঘটনার বিবরণ
ঘটনার পর রবিবার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কিশোরীদের মধ্যে তিন জন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিন জন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়ে।
পরিবারের বক্তব্য
নিখোঁজ এক কিশোরীর বাবা বলেন, গতকাল সোমবার বিকালে একটি অচেনা নম্বর থেকে আমার স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। ফোনে মেয়ে জানায়, তারা চার জন এক ‘আন্টির’ সঙ্গে বেড়াতে গেছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়। এর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য তিন কিশোরীর পরিবারও একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
নিখোঁজ এক কিশোরীর স্বজন বলেন, ওই কিশোরী তার বাবার ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। টাকার জন্য তাদের আক্ষেপ নেই। তবে মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে, তা জানতে না পারায় পরিবারটি উদ্বেগে আছে।
বিদ্যালয়ের তথ্য
বিদ্যালয়ে দুটির একাধিক শিক্ষক জানান, নিখোঁজ চার শিক্ষার্থী ওই দিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে বিকালে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি।
পুলিশের পদক্ষেপ
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছেন তিনি।



