দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের বল্লমের আঘাতে বৃদ্ধ বাবা এবং ছুরিকাঘাতে সৎভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা দুলু মিয়া (৭০) ও তাঁর ছেলে মো. কাবিল (৩২)।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। কিছুদিন ধরে জমির মালিকানা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের সঙ্গে দুলু মিয়ার পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিজ খেতের ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের সঙ্গে বাবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি নিয়ে আসেন। ঝগড়ার এক পর্যায়ে তিনি বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই দুলু মিয়া লুটিয়ে পড়েন এবং মারা যান।
সৎভাইকে ছুরিকাঘাত
এ সময় সৎভাই কাবিল বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন সাদিকুল। পরে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন কাবিলকে অটোরিকশায় করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশের কার্যক্রম
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে জানতে পারি, জমিজমার ভাগ–বাঁটোয়ারা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। সাদিকুল ও তাঁর আরেক ভাই পালিয়েছেন। পুলিশ তাঁদের আটক করতে কাজ করছে।’



