পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড যারা ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ওপর জোর দেন তিনি।

পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত-অপারেশন সব কার্যক্রম রেকর্ড রাখার ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মানবাধিকার সমুন্নত রাখার নির্দেশ

জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকারের বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ। অপরাধ কার্যক্রম বন্ধ বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য কৌশলে যা যা করতে হয় মানবাধিকার সমুন্নত রেখে সে রকম সব কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি।

পর্যটক নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত উল্লেখ করে ট্যুরিস্ট পুলিশকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে দেশের ভাবমূর্তি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ার তাগিদ

বৈশ্বিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অব কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।