আনিসুল হকের অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২১ জুন
আনিসুল হকের অস্ত্র মামলায় শুনানি পিছিয়ে ২১ জুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।

আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন সময় চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম সময়ের আবেদনের বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ২৪ মে বনানী থানায় অস্ত্র আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল। সম্প্রতি তদন্ত শেষে বনানী থানা–পুলিশ আনিসুল হককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার এজাহারে কী বলা হয়েছে

মামলার এজাহারে বলা হয়, আনিসুল হক বনানী থানার অধীন নিজ নামে লাইসেন্স করা একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আনিসুল হক ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তাঁর লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেননি কিংবা থানাকে অবহিতও করেননি। তাঁর ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। অস্ত্র জমা দেওয়ার কোনো তথ্যও মেলেনি। তিনি গুলি কিনেছেন, এমন তথ্যও পাওয়া যায়নি। এ কারণে তাঁর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অভিযোগ আনা হয়।

গ্রেপ্তার ও বর্তমান অবস্থা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ