নারায়ণগঞ্জ শহরের মাসদাইর মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার আগমনকে ঘিরে মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হয়। এতে মসজিদের দরজার গ্লাস ভেঙে অন্তত দুই মুসল্লি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণ
শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে এ ঘটনা ঘটে। তবে আহত মুসল্লিদের নাম পাওয়া যায়নি। মসজিদের মুসল্লি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে জুমার বয়ান চলাকালে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত হন। এ সময় তার সঙ্গে অনেক নেতাকর্মী মসজিদে প্রবেশ করেন। তার আগমনকে কেন্দ্র করে মসজিদের ভেতরে কিছু নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। ধাক্কাধাক্কিতে মসজিদের দরজার গ্লাস ভেঙে যায় এবং সেই ভাঙা গ্লাসে কয়েকজন মুসল্লির পা সামান্য কেটে গেছে।
মুসল্লির প্রতিক্রিয়া
মুসল্লি আলমাস মিয়া বলেন, 'আজ এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদে এলে তার সঙ্গে অনেক লোকজন এসেছে। এতে মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে। মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয়েছে। সবশেষে ওরা ধাক্কাধাক্কি করে মসজিদের দরজার গ্লাস ভেঙে ফেলেছে। সেই কাঁচের গ্লাস দিয়ে অনেকের হাত-পা কেটে যায়।'
নাসীরুদ্দীনের বক্তব্য
এর আগে জুমার নামাজের খোতবার আগে মসজিদে এসে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, 'মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না। তাই সবাইকে মসজিদে আসতে বলি, যাতে করে সবাই মসজিদমুখী হয়।'
এনসিপির অবস্থান
এ বিষয়ে দুঃখপ্রকাশ করে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, 'মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আমরা প্রথম থেকে মসজিদের ভেতরে চাপ কমানোর চেষ্টা করেছি। কিন্তু উপচে পড়া ভিড়ের কারণে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি।' তিনি আরও বলেন, 'এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নিদেশনা দেওয়া হয়েছে। ইনশা আল্লাহ আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেবো।'



