জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায় সেই লক্ষ্যেই তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সম্প্রসারণের ফলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমে যাবে। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
উপস্থিত ব্যক্তিবর্গ
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদল ইসলাম, উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।
সেলাইমেশিন প্রদান ও শিক্ষার দায়িত্ব
এদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হত্যাকাণ্ডের শিকার ইলেক্ট্রিশিয়ান মঞ্জুরুলের অসহায় পরিবারকে একটি সেলাইমেশিন প্রদান করেছেন এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার (৭ মে) বিকালে নিহত মঞ্জুরুলের পরিবারের খোঁজখবর নিতে যান। এ সময় মঞ্জুরুলের স্ত্রী যেন জীবিকা নির্বাহ করতে পারেন এজন্য তার হাতে একটি সেলাইমেশিন তুলে দেন। একই সঙ্গে নিহতের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলাম।
হত্যাকাণ্ডের ঘটনা
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়ে আর বাড়িতে ফেরেননি ইলেক্ট্রিশিয়ান মঞ্জুরুল ইসলাম। নিখোঁজের তিন দিন পর একই ইউনিয়নের ঘনিরামপুর রামপুরা পীরের মাজার এলাকার একটি আলুখেতের মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।



