এমপি সালাহ উদ্দিন এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসায় বিতর্ক
এমপি সালাহ উদ্দিন এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসায় বিতর্ক

গাজীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসে পড়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা সালাহ উদ্দিন আইউবী রোববার (৩ মে) সকালে এলজিইডি অফিস পরিদর্শনে গেলে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান নিজের অফিসিয়াল চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দেন। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা শুরু হয়।

আইনজীবীর প্রতিক্রিয়া

গাজীপুর বারের আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, পদমর্যাদা ও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী একজন সংসদ সদস্যের পদমর্যাদা অনেক উপরে হলেও সেটি দাপ্তরিক কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো কর্মকর্তার চেয়ারে বসার অধিকার দেয় না। পরিদর্শনে গেলে বা সভায় সভাপতিত্ব করলে তার জন্য আলাদা সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, সাধারণভাবে এবং প্রশাসনিক শিষ্টাচার অনুযায়ী একজন সংসদ সদস্য কোনো সরকারি কর্মকর্তার নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসতে পারেন না। যদিও এমপিদের প্রটোকল অনেক ওপরে, তারপরও কোনো কারণে যদি এমপি কোনো সরকারি কর্মকর্তার চেয়ারে বসে পড়েন, সেটা দেখতে অসুন্দর। একজন সংসদ সদস্য যখন কোনো অফিস পরিদর্শনে যান, তখন তিনি কর্মকর্তার পাশের নির্ধারিত ভিজিটর চেয়ারে বা সোফায় বসেন, অথবা সভায় সভাপতিত্ব করলে সেখানে আলাদা প্রধান অতিথির আসনে বসেন। সরকারি অফিসের শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখার জন্য কর্মকর্তার আসনে অন্য কেউ বসা অনুচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাহী প্রকৌশলীর ব্যাখ্যা

এ বিষয়ে গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, এমপি সাহেব আগের দিনই বলেছিলেন তার নির্বাচনি এলাকার এলজিইডির কার্যক্রম সম্পর্কে জানতে তার অফিসে আসবেন। এজন্য তিনি এলজিইডি অফিসে আসার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর তাকে নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসতে দেওয়া হয়। পরে অবশ্য এমপি সাহেব সোফায় গিয়ে বসেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমপির বক্তব্য

সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী বলেন, তিনি এলাকার উন্নয়ন কাজের খোঁজখবর নেওয়ার জন্য এলজিইডি অফিসে গিয়েছিলেন। নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসার বিষয়ে তিনি বলেন, উনারা বসতে দিয়েছেন, পরে আমি সোফায় গিয়ে বসি।