সংরক্ষিত নারী আসনে ৬৫% কোটিপতি, বিএনপিতে ৭২%
সংরক্ষিত নারী আসনে ৬৫% কোটিপতি, বিএনপিতে ৭২%

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর হলফনামা বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

কোটিপতির সংখ্যা

মোট ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই (৬৫ দশমিক ৩১ শতাংশ) স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্যমান অনুযায়ী কোটিপতি। এর মধ্যে অস্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ২৫ জন এবং স্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ১৪ জন।

দলভিত্তিক বিশ্লেষণ

বিএনপির ৩৬ জনের মধ্যে ২৬ জন (৭২ দশমিক ২২ শতাংশ) এবং জামায়াতে ইসলামীর নয়জনের মধ্যে পাঁচজন (৫৬ শতাংশ) কোটিপতি। জাগপা থেকে নির্বাচিত একজন প্রার্থীও কোটিপতি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বার্ষিক আয়

গড় বার্ষিক আয় ১০ লাখ টাকার ওপরে এমন প্রার্থী আছেন ৩৮ দশমিক ৭৮ শতাংশ (১৯ জন), যেখানে সরাসরি ভোটে সাধারণ আসনে নির্বাচিত সংসদ-সদস্যদের মধ্যে এই হার ৬৭ দশমিক ৯ শতাংশ।

সার্বিক কোটিপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনসহ সব সদস্যের মধ্যে মোট কোটিপতি ২৬৯ জন, যা শতকরা ৭৭ দশমিক ৩ শতাংশ।

শিক্ষাগত যোগ্যতা

সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতায় সরাসরি নির্বাচিত সংসদ-সদস্যদের তুলনায় এগিয়ে। স্নাতকোত্তর ও তদূর্ধ্ব ডিগ্রিধারীর হার ৬৩ দশমিক ৩ শতাংশ, যেখানে নির্বাচিত সংসদ-সদস্যদের ক্ষেত্রে এই হার ৫০ দশমিক ৭ শতাংশ। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ২৭ শতাংশ স্নাতক, ৪ দশমিক ১ শতাংশ উচ্চ মাধ্যমিক পাশ, স্বশিক্ষিত ৪ দশমিক ১ শতাংশ এবং মাধ্যমিক পাশ ২ দশমিক ১ শতাংশ।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এসব তথ্য প্রকাশ করে। এর আগে সন্ধ্যায় নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিজয়ীর গেজেট প্রকাশ করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ