ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হলেন পুলিশ সদর দফতরের শামীমা পারভীন। তিনি বাংলাদেশ পুলিশের এআইজি (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করছিলেন।
নিয়োগের প্রক্রিয়া
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। তাদের স্থলে পুলিশ সদর দফতরের শামীমা পারভিনকে ঢাকার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শামীমা পারভীনের কর্মজীবন
২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করা শামীমা পারভীন দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীনের পেশাগত জীবনের অন্যতম বড় সাফল্য হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৩৯ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত ফিমেল ফরমড পুলিশ ইউনিটের কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। এছাড়া তিনি ডিএমপির ভিক্টিম সাপোর্ট সেন্টারে সহকারী কমিশনার হিসেবে নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তিনি এআইজি পদে থেকে পুলিশ সদস্যর সন্তানদের শিক্ষা ও ক্রীড়া বিষয়ক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।
অন্যান্য বদলি
এদিকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন আরও ৮ কর্মকর্তার রদবদল করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১২ (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এপিবিএন ৫ এর অধিনায়ক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক, ১৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিহাব কায়সার খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই), র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ও র্যাবের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।



