আট বছর আগে ঢাকার মেরাদিয়া বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সাফওয়ান আল নিনাদ (৮) হত্যা মামলায় তার মায়ের মামা জহিরুল ইসলাম ওরফে লুড্ডু এবং তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার রাণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুই আসামি সম্পর্কে নিনাদের নানা-নানী।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে। ৯০ হাজার টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদালত নির্দেশ দিয়েছেন।”
রায় ঘোষণার আগে জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির হন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন প্রসিকিউটর ওয়ালিউল ইসলাম তুষার।
২০১৮ সালের ১৫ জুন রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নিনাদ। পরদিন (ঈদের দিন) দুপুরে বাড়ির পাশে বেকারির পণ্যবাহী একটি ভ্যানগাড়ির ভেতরে শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী। ওই দিনই অজ্ঞাতনামাদের আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিনাদের বাবা স্বপন বেপারী। থানা পুলিশ, ডিবি পুলিশ ও পিবিআইয়ের পর মামলার তদন্তভার পায় সিআইডি। তদন্ত পেয়ে তারা দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেন। নিনাদের নানী জহিরুল সম্পত্তি দিতে না চাওয়ায় তারা তাকে হত্যা করেন মর্মে তদন্তে উঠে আসে।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৮ জুন দুই জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্তকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর মাইনুল ইসলাম। পরের বছর ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আসামিদের সাজার রায় এলো।



