কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় এক কলেজশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম শাখা। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তির পরিচয়
গ্রেফতার হওয়া মো. নাজমুল হুদা ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া (পদুয়ারপাড়) গ্রামের সুন্দর আলীর ছেলে। তিনি ওই উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত।
গ্রেফতার ও আদালতে হাজিরা
সিআইডি সূত্র জানায়, দীর্ঘদিন তদন্তের পর তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গত ১৯ এপ্রিল কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজধানীর রমনা থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- ২০২১ সাল থেকে তিনি ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং পর্নোগ্রাফি–সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
প্রতিষ্ঠানের বক্তব্য
শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, শরীরচর্চা শিক্ষক মো. নাজমুল হুদার বিরুদ্ধে ঢাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তার ঘনিষ্ঠ বন্ধু মোস্তফা মাস্টার।
পুলিশের বক্তব্য
ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ ফারুক হোসাইন বলেন, ঢাকা থেকে সিআইডির একটি টিম নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এর বাইরে আমরা আর কিছু জানি না।



