ক্ষমতাসীন বিএনপি সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এবারের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সমর্থনে তারুণ্যের শক্তির জয়জয়কার হবে বলে আশা প্রকাশ করে সারা দেশের তরুণদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিন। এনসিপি আপনাদের সমর্থন জানাবে।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এক অনুষ্ঠানে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন। বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবালসহ কয়েকজনের এনসিপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণভোট অস্বীকারের অভিযোগ
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনে সরকার গঠিত হওয়ার পর নির্বাচিত সরকার গণভোটকে অস্বীকার করল। এই নির্বাচনকে জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী ‘লিগ্যাসি’ (উত্তরাধিকার) থেকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতার পটপরিবর্তনের নির্বাচনে পরিণত করল। সংবিধান থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশগুলো এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আবারও ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, নানাভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তির রাজনীতি
বিশ্ববিদ্যালয়গুলোতে পেশিশক্তির রাজনীতি, ক্ষমতার রাজনীতির দাপট আবার নতুন করে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরোনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। জনগণ এনসিপির ছায়াতলেই ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। আমরা সারা দেশ থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’
সপ্তাহব্যাপী যোগদান কর্মসূচি
এনসিপি সারা দেশে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ বলেন, ‘প্রতি সপ্তাহেই আমাদের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা সারা দেশের রাজনীতিসচেতন মানুষ ও তরুণদের আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের সবার দায়িত্ব রয়েছে। এই দেশকে আমরা আর বিপথে যেতে দিতে পারি না। আপনারা যাঁরা রাজনীতি করতে চান, দেশে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, আপনারা ঐক্যবদ্ধ হোন। এনসিপি আপনাদের ধারণ করে সামনের দিকে এগোতে চায়।’
অর্থনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে শঙ্কা
বর্তমান সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশের গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, ইনশ আল্লাহ।’
প্রার্থী তালিকা ঘোষণা
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ৩০ এপ্রিল বাংলাদেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
বিভিন্ন পর্যায়ের মানুষকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘আপনারা আগে যে রাজনৈতিক দলই করেন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে, তাদের অপরাধগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী না হন, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমাদের সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। বিএনপি বা অন্য যে দলই করুন না কেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে চাইলে এনসিপিতে আসুন।’
এনসিপিতে যোগদানের জোয়ার
বিরোধী দল হওয়া সত্ত্বেও এনসিপিতে যোগদানের জোয়ার চলছে বলে উল্লেখ করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুষ্ঠানে তিনি বলেন, এনসিপিতে যোগদানের সিলসিলা ইনশা আল্লাহ চলতে থাকবে। আরও অনেকের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আরও অনেক নতুন ও জনপ্রিয় মুখ এনসিপিতে আসবেন। সামনের দিনে আমাদের সঙ্গে তাঁদের দেখা যাবে। ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে জড়িত নয়, এমন যে কারও জন্য এনসিপির দরজা সব সময় উন্মুক্ত থাকবে।’
বিএনপি থেকে এনসিপিতে যোগদান প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপিকে দেখেছি, যে আদর্শ নিয়ে তাঁরা দল গড়ে তুলে এ পর্যন্ত নিয়ে এসেছেন, সেই বিএনপিকে আমরা চিনতে পারছি না। তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে যাঁরা প্রকৃত অর্থেই জাতীয়তাবাদী রাজনীতি করার জন্য বিএনপিতে এসেছিলেন, তাঁরা এখন আর সেখানে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। যেহেতু আমরা সেই আদর্শ ধারণ করে লড়াই করছি, তাঁরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বক্তব্য দেন। এ ছাড়া এনসিপিতে যোগ দেওয়া ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি সেখানে বক্তব্য দেন। তাঁরা ছাড়াও সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেলও আজ এনসিপিতে যোগ দিয়েছেন।



