পল্লবী থেকে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, মা-কে ঘুমের ওষুধ খাইয়ে পালিয়েছিল
পল্লবী থেকে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, মা-কে ঘুমের ওষুধ খাইয়ে পালিয়েছিল

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার এক ব্যক্তি থানায় এসে জানান, তাঁর মেয়ে আগের দিন বিকেলে তার বান্ধবী ও তার ছোট বোনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। ওই ঘটনায় তিনি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিখোঁজ অপর দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ জিডি করা হয়।

উদ্ধার অভিযান

এরপর পল্লবী থানা-পুলিশ তিন কিশোরীর সন্ধানে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পালানোর পরিকল্পনা

পুলিশের ভাষ্য, রাজধানীর আগারগাঁও এলাকার একটি কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে তার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করতে পরিবার থেকে বাধা দেওয়া হতো। এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুপুরে ওই শিক্ষার্থী তার মাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে তার ছোট বোনকে সঙ্গে করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় ওঠে।

উদ্ধারের পর তিন কিশোরীকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা-পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ