মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকালে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস, তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ওই বাসায় যান। মধ্যরাতে পুলিশ ফোন পেয়ে ওই বাসায় গিয়ে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিন জনের লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশের একটি কক্ষে একাই অবস্থান করছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।



