গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
সংঘর্ষের ঘটনা
রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং অগ্নিসংযোগে পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থীর অংশগ্রহণে আন্দোলন অব্যাহত থাকে। আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টানিয়ে দেন। সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচির ডাক দেওয়া হয়।
সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। একপর্যায়ে তারা ফটকে তালা ঝুলিয়ে দেন। সকাল ১০টার দিকে নতুন উপাচার্য মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে পৌঁছানোর আগেই প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তাকে স্বাগত জানাতে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের একটি পক্ষ ফটক খুলে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়।
সংঘর্ষের এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ও বহিরাগত ব্যক্তিদের একটি অংশ বাইরে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে বাইরে অবস্থান নেওয়া পক্ষও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রধান ফটকের সামনে আগুন জ্বালানো হয়।
কয়েক ঘণ্টা থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে, সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
ছাত্রদলের অভিযোগ
এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক বিবৃতিতে বলা হয়, ডুয়েটের পূর্ববর্তী প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতা, দলবাজি, অনৈতিকতা, স্বেচ্ছাচারী নিয়োগসহ নানা অভিযোগ আছে। বিদায়ী প্রশাসন ও গুপ্ত সংগঠন ছাত্রশিবির মিলে একত্রে তাদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যেই চার দিন ধরে জোরপূর্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গুপ্ত সংগঠনের এ ধরনের অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তারা আজ ডুয়েট ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা দায়ী, তাদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।
ছাত্রশিবিরের অভিযোগ
অপরদিকে, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ সই করা এক বিবৃতিতে বলা হয়, ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিজ ক্যাম্পাসে বহিরাগত কোনও শিক্ষককে নয়, বরং ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ও দলীয় লেজুড়বৃত্তিমুক্ত উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত তিন দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে ডুয়েটের প্রধান ফটকে পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ডুয়েট ও মহানগর ছাত্রদল, যুবদল এবং বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপিপন্থি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন।
নতুন উপাচার্যের যোগদান
এদিকে, উত্তেজনাকর পরিস্থিতির পর দায়িত্বে যোগ দিয়েছেন নতুন উপাচার্য মোহাম্মদ ইকবাল। ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তৈয়ব বলেন, “সংঘর্ষের সময় নতুন উপাচার্য নিরাপদে ছিলেন। পরে বিকালে সাবেক উপাচার্য জয়নাল আবেদীনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
পটভূমি
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। নিয়োগের পরপরই শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে আন্দোলনে নামে। শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।



