ফরিদপুর-রাজবাড়ী সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুর পাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয়রা উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার মাঠের মধ্যে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দুটি মরদেহ উদ্ধার করে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- গৃহবধূ জাহেনা আক্তার (৩২) এবং তার ৩ বছরের শিশু কন্যা সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, ওই এলাকার এক নারী সেখানে কাজ করতে গেলে, কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন মানুষের পা বের হয়ে আছে। ফিরে এসে বিষয়টি গ্রামের অন্যান্যদের জানালে খবর দেওয়া হয় পুলিশে। মরদেহ দুটি উদ্ধারের পর তাদের পরিচয় জানা গেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে থেকে শিশুকন্যাসহ ওই নারীর নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা সেখানে এসে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয় নেতার বক্তব্য
চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মন্ডল জানান, ওই এলাকাটি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী হওয়ায় পুলিশের নজরদারি কম থাকার সুবাদে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের পাশাপাশি ওই এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান তিনি।
পুলিশের তদন্ত
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও কারা জড়িত খুঁজতে তদন্ত করছে পুলিশ।



