বগুড়া সিটিতে ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু, পানির চাহিদা পূরণে উদ্যোগ
বগুড়া সিটিতে ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

বগুড়ায় নবসৃষ্ট সিটি করপোরেশনের নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার পূর্ণাঙ্গ ওয়াসা (পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রক্রিয়ার বিবরণ

গত ১৩ মে তারিখের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়:নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বগুড়া সিটি করপোরেশন এলাকায় ওয়াসা গঠনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। চিঠিতে বগুড়া সিটি করপোরেশনের পানি শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, গ্রেড, মোট জনবল, বেতনভাতা বাবদ মাসিক খরচ, পানি সরবরাহ খাতে বিগত পাঁচ বছরের আয় ও ব্যয় সংক্রান্ত মাসওয়ারী তথ্য, বকেয়া অর্থের পরিমাণ, যেসব এলাকা নিয়ে ওয়াসা গঠিত হবে তার নাম, মৌজা/ওয়ার্ড, আয়তন, জনসংখ্যা, মোট আয়তন ইত্যাদি জানতে চাওয়া হয়েছে।

উদ্যোগের কারণ

চিঠিতে আরও বলা হয়েছে, নগর এলাকায় পানির চাহিদা ক্রমাগত বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানান, বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার পর স্থানীয় সরকার বিভাগ দ্রুত প্রশাসনিক কাঠামো গঠন, জনবল নিয়োগ এবং নাগরিক সেবা সম্প্রসারণের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে আধুনিক পানি ব্যবস্থাপনা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে করতোয়া নদীর দূষণ এবং ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক ঝুঁকি কমাতে একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্পের আওতায় ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে; যা নগরীর বর্ধিত এলাকার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত ওয়াসা গঠনের গেজেট প্রকাশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।

গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বগুড়া সিটি করপোরেশন গঠনের পর পানি সরবরাহ ব্যবস্থা জোরদার করতে এই ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।