দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট বার (আইনজীবী সমিতি) অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়েছে। প্রথমদিনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭৭১ জন আইনজীবী। বুধবার নির্বাচন পরিচালনার জন্য গঠিত উপকমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনের গুরুত্ব ও প্যানেল
সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠনের এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও সারা দেশের জেলা বারের আইনজীবীদের নজর ও উৎসাহ থাকে। এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। মোট ভোটার ১১ হাজার ৯৭ জন। প্রথমদিনের ভোটগ্রহণ শেষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এই নির্বাচন নির্দলীয় হলেও কার্যত বিভিন্ন দলপন্থীদের নিয়ে প্যানেলের আদলে নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে আওয়ামীপন্থিদের (সাদা) প্যানেল না থাকলেও বিএনপিপন্থীদের নীল প্যানেল, জামায়াতপন্থীদের সবুজ প্যানেল ও এনসিপির প্রার্থীদের লাল-সবুজ প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে।
প্রার্থীদের তালিকা
এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪০ জন প্রার্থী।
বিএনপিপন্থী নীল প্যানেল: সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান, সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল, সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, কবির হোসেন, টিপু সুলতান, জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া এবং ওয়াহিদা আফরোজ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামায়াতপন্থী সবুজ প্যানেল: সভাপতি পদে আবদুল বাতেন, সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক পদে তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া, সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, ফয়েজউল্লাহ, জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রার্থী হয়েছেন।
এনসিপিপন্থী লাল-সবুজ প্যানেল: সভাপতি পদে কোনো প্রার্থী নেই। সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী, সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বতন্ত্র প্রার্থী: সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, আবু ইয়াহিয়া দুলাল, ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান এবং সদস্য পদে জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।



