প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি আনোয়ার হোসেনের (৩৮) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আনোয়ার হোসেনের পরিচয় ও গ্রেপ্তার
আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক অঙ্গসংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক (এসআই) শাহ মিনহাজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনের যুক্তি
রিমান্ড আবেদনে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। স্থানীয় লোকজনের জবানবন্দি, ভিডিও ফুটেজ এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, হামলাকারীদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দেয়। এর জেরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও প্রায় ৩৫০ থেকে ৪৫০ জন সেখানে জড়ো হয়। একপর্যায়ে তারা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ের গেটের শাটার ও কাচ ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়।
জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা
রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করা, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় জানতে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তদন্ত কর্মকর্তার বক্তব্য
আদালতের রিমান্ড আদেশের পর এই মামলার তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত সন্তষ্ট হয়ে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
মামলার বর্তমান অবস্থা
আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত ৩৮ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জন জামিন পেয়েছেন। মামলায় আগামী ৯ জুলাই আসামিদের হাজিরার দিন ধার্য রয়েছে।
আনোয়ার হোসেনের পূর্ববর্তী মামলা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেনকে ৩১ মে গ্রেপ্তার করে পুলিশ। সাইবার সুরক্ষা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনা
গত বছরের ১৮ ডিসেম্বর মধ্যরাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে হামলা চালায় উগ্রপন্থী একটি গোষ্ঠী। তারা ভবনের ফটকের শাটার ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একই রাতে তারা হামলা চালায় দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে। প্রথম আলোতে হামলাকারীদের একটি অংশ পরে ডেইলি স্টার ভবনে হামলায়ও যোগ দেয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।



