নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার
নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ থেকে অপহৃত পাঁচ বছরের শিশু তানজিমকে ২৬ ঘণ্টা পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে পরে নবাবগঞ্জ থানায় হাজির করেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, নবাবগঞ্জের পাড়াগ্রাম এলাকার মাসুদুর রহমানের পাঁচ বছরের ছেলে তানজিম রোববার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

মুক্তিপণের ফোন

ওই রাতেই অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে তানজিমের বাবার কাছে টাকা দাবি করা হয়। শিশুটির দাদা মহিবুর রহমান জানান, এরপর থেকে ওই নম্বরটি আর পাওয়া যায়নি। এ ঘটনার পর স্বজনরা ছেলেটিকে খুঁজতে বের হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও পুলিশের বক্তব্য

সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে তানজিমকে কান্নারত অবস্থায় দেখতে পান তার বাবাসহ আত্মীয়রা। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে জানালে নবাবগঞ্জ থানায় হাজির করা হয়। আতঙ্কিত অবস্থায় রাস্তার পাশ থেকে শিশুটিকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও স্বজনরা। নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, স্বজনদের সহায়তায় পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে। সোমবার বিকালে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে এ ঘটনায় অপহরণকারী কোনো চক্র জড়িত আছে নাকি পারিবারিক কোনো ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ