বিআরটিএ প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ডিএমপি
বিআরটিএ প্লেটবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ডিএমপির

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামী সপ্তাহ থেকে বিআরটিএর সরবরাহ করা নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করা যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। আজ সোমবার ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন এই ব্যবস্থা?

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার–নির্ধারিত রং, নকশা ও আকারের নম্বর প্লেট নির্ধারিত স্থানে লাগানো আইনগতভাবে বাধ্যতামূলক। কিন্তু অনেক যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সরবরাহ করা নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। অনেকে নম্বর প্লেট নির্ধারিত স্থানে লাগাচ্ছেন না। আবার কেউ কেউ বিআরটিএর নিবন্ধন নম্বর প্লেট ব্যবহার না করে শুধু রং দিয়ে গাড়ির নম্বর লিখে যানবাহন চালাচ্ছেন।

আরএফআইডি ট্যাগের সমস্যা

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের অর্থ পরিশোধ করলেও বিআরটিএ থেকে নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এ ছাড়া অনেক যানবাহনের উইন্ডশিল্ডে লাগানো আরএফআইডি ট্যাগ অকার্যকর পাওয়া যাচ্ছে। এতে মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিএমপির আহ্বান

ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের বিআরটিএর সরবরাহ করা নির্ধারিত নকশা, রং ও আকারের নম্বর প্লেট নির্ধারিত স্থানে লাগানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি যানবাহনের উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি ট্যাগ কার্যকর আছে কি না, তা নিশ্চিত করার অনুরোধও করা হয়েছে।

আইনানুগ ব্যবস্থা

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সপ্তাহ থেকে বিআরটিএর সরবরাহ করা নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ