মেটার মালিকানাধীন সামাজিক মাধ্যম থ্রেডস তাদের লাইভ চ্যাট ফিচারে নতুন আপডেট এনেছে। মঙ্গলবার (৩০ জুন) প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এই আপডেটের ঘোষণা দেয়। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এবারের আপডেটে লাইভ চ্যাটে অনুবাদ, হোস্টদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানোর মতো ফিচার যুক্ত করা হয়েছে।
অনুবাদ সুবিধা ও বৈশ্বিক যোগাযোগ
নতুন অনুবাদ ফিচারের মাধ্যমে লাইভ চ্যাটের আলোচনা বিভিন্ন ভাষার ব্যবহারকারীদের কাছে সহজবোধ্য হবে। ভাষার বাধা কাটিয়ে বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ আরও ফলপ্রসূ হবে বলে আশা করছে থ্রেডস।
কমিউনিটি চ্যাম্পিয়নদের জন্য বিশেষ সুবিধা
প্ল্যাটফর্মটিতে যাদের শক্তিশালী ফলোয়ার বেস রয়েছে এবং যারা নিয়মিত সক্রিয় থাকেন, তাদের ‘কমিউনিটি চ্যাম্পিয়ন’ হিসেবে চিহ্নিত করেছে থ্রেডস। এখন থেকে এই ক্যাটাগরির ব্যবহারকারীরা সরাসরি লাইভ চ্যাট শুরু করতে পারবেন।
হোস্টদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ ও কো-হোস্ট সুবিধা
লাইভ চ্যাট পরিচালনার জন্য মূল হোস্টের সঙ্গে সর্বোচ্চ ৩ জন কো-হোস্ট যোগ দিতে পারবেন। হোস্টরা চাইলে যেকোনো বার্তা সবার জন্য মুছে দিতে পারবেন। এছাড়া হোস্টদের মেসেজ হাইলাইট করার জন্য ভিজ্যুয়াল পরিবর্তনের পরীক্ষা চলছে।
অংশগ্রহণ ও লাইভ চ্যাটের পরিধি
থ্রেডস জানিয়েছে, লাইভ চ্যাটে ব্যবহারকারীরা টেক্সট, ছবি, ভিডিও, লিংক ও ইমোজি রিঅ্যাকশন পাঠাতে পারবেন। একটি চ্যাটে সর্বোচ্চ ১৫০ জন সক্রিয় অংশগ্রহণকারী পোস্ট করতে পারবেন। বাকিরা ‘স্পেক্টেটর মোডে’ কনটেন্ট দেখতে, রিঅ্যাকশন দিতে ও পোলে অংশ নিতে পারবেন।
মোবাইল অ্যাপের পাশাপাশি ডেস্কটপ সংস্করণেও লাইভ চ্যাট আনার পরিকল্পনা রয়েছে। গুরুত্বপূর্ণ মেসেজ পিন করার ফিচারও দ্রুত যুক্ত হবে। উল্লেখ্য, সাম্প্রতিক পরিসংখ্যানে থ্রেডস জানিয়েছে, বিশ্বব্যাপী তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে।



