সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনার অজান্তেই যদি অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে আপনার ব্যক্তিগত তথ্য, মেসেজ বা ছবি দেখে নেয়, তবে তা বড় বিপদের কারণ হতে পারে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ আছে নাকি অন্য কারও নিয়ন্ত্রণে রয়েছে, তা খুব সহজেই পরীক্ষা করে নেওয়া সম্ভব।
কীভাবে বুঝবেন অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে?
ফেসবুকের নিজস্ব সিকিউরিটি ফিচারের মাধ্যমেই আপনি দেখে নিতে পারেন বর্তমানে কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগইন করা আছে। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ধাপ ১: প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করুন।
- ধাপ ২: ডানদিকের কোণায় থাকা আপনার প্রোফাইল ছবি বা মেনু অপশনে ট্যাপ করুন।
- ধাপ ৩: নিচে স্ক্রোল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংস অপশনটি নির্বাচন করুন।
- ধাপ ৪: এবার মেটা অ্যাকাউন্টস সেন্টার বা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
- ধাপ ৫: এখানে ‘হোয়্যার ইউ’র লগড ইন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি বর্তমানে কোন কোন মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে লগইন করা আছে, তার একটি তালিকা (ডিভাইসের নাম ও লোকেশনসহ) ভেসে উঠবে।
অপরিচিত ডিভাইস দেখলে কী করবেন?
যদি এই তালিকায় এমন কোনও ডিভাইস বা লোকেশন দেখতে পান যা আপনার চেনা নয়, তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বা অন্য কেউ সেটি ব্যবহার করছে। তাৎক্ষণিক সুরক্ষার জন্য নিচের কাজগুলো করুন:
- লগআউট করুন: অপরিচিত ডিভাইসটির পাশে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করে ‘লগ আউট’ করে দিন। অথবা তালিকার নিচে থাকা ‘সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট’ অপশনে গিয়ে এক ক্লিকেই সব অপরিচিত ডিভাইস থেকে লগআউট করে দিতে পারেন।
- পাসওয়ার্ড পরিবর্তন: লগআউট করার পরপরই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে একটি শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড সেট করুন।
- টু-ফ্যাক্টর অথেন্টিকেশন: অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে ফেসবুকের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ অপশনটি চালু করুন। এর ফলে পাসওয়ার্ড জানলেও আপনার ফোনে আসা ওটিপি কোড ছাড়া অন্য কেউ লগইন করতে পারবে না।
নিজের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা বজায় রাখতে মাঝেমধ্যেই এই ফিচারের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লগইন স্ট্যাটাস চেক করা বুদ্ধিমানের কাজ হবে।



