দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। দেশটির সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে। রোববার (৫ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম
সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে। এ ছাড়া ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনো ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন উদ্ধারকর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
খাদ্য ও পানি বিতরণ
সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পর্যন্ত ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন চিকিৎসাসেবা পেয়েছেন এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ভূমিকম্পের বিবরণ
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়ায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই দেশটিতে ধারাবাহিকভাবে আফটারশক অনুভূত হচ্ছে।



