গ্রোক চ্যাটবটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রকৌশলী চাকরিচ্যুত, মামলা
গ্রোক চ্যাটবটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রকৌশলী চাকরিচ্যুত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্পেসএক্স ভবন। ফাইল ছবি: রয়টার্স

ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআইয়ের সাবেক এক প্রকৌশলী অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটির তৈরি গ্রোক চ্যাটবটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এক্সএআই ও এর সহযোগী প্রতিষ্ঠান স্পেসএক্সের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলাও করেছেন ডেভিন কিম নামের সেই প্রকৌশলী।

মামলার নথি অনুযায়ী, গ্রোক চ্যাটবটের মানোন্নয়ন ও উন্মুক্তকরণের ক্ষেত্রে এক্সএআই নিরাপত্তার চেয়ে পণ্যের দ্রুত অগ্রগতিকে বেশি গুরুত্ব দিয়েছে। সে সময় ডেভিন কিম গ্রোক চ্যাটবটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, গ্রোক চ্যাটবট বৈষম্যমূলক বক্তব্য বা আচরণকে উৎসাহিত করতে পারে এবং গণবিধ্বংসী অস্ত্র–সংক্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে। গ্রোকের পরবর্তী কিছু বিতর্কিত আচরণ কিমের উদ্বেগকে সত্য প্রমাণ করলে তিনি গ্রোকের রাজনৈতিক পক্ষপাত, বৈষম্যমূলক প্রবণতা ও নিরাপত্তাজনিত ঝুঁকি নতুন করে মূল্যায়নের উদ্যোগ নেন। তবে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি এক্সএআই এবং গ্রোক চ্যাটবটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় কিমকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিমের দাবি, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি তাঁর অনুসন্ধান ও মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তবে তাঁর আগেই এক্সএআইয়ের সহপ্রতিষ্ঠাতা জিমি বার তাঁকে একটি বৈঠকে ডেকে জানান, তাদের ‘আলাদা পথে এগিয়ে যাওয়া উচিত’। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা তাঁকে দেওয়া হয়নি। আর তাই আর্থিক ক্ষতিপূরণসহ এক্সএআই ও স্পেসএক্সের কার্যক্রম বেআইনি ঘোষণার আবেদন করেছেন কিম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) মাধ্যমে রেকর্ড ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহ করেছে স্পেসএক্স। বাজার বিশ্লেষকদের মতে, এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির ঘটনা।

সূত্র: টেক ক্রাঞ্চ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রযুক্তি থেকে আরও পড়ুন

চাকরির খবর

কর্মী ছাঁটাই

স্পেসএক্স

কৃত্রিম বুদ্ধিমত্তা

এআই