সনির রোবট এইস টেবিল টেনিস খেলায় এতটাই দক্ষ হয়ে উঠেছে যে সেটি কখনো কখনো পেশাদার টেবিল টেনিস খেলোয়াড়দেরও হারিয়ে দিচ্ছে। রোবট টেবিল টেনিস খেলোয়াড়ের এ দক্ষতা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে একটি বিরাট মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
রোবট বাহু 'এইস'
টেবিল টেনিস খেলায় দক্ষ হয়ে ওঠা রোবটটি আসলে একটি রোবট বাহু। বাহুটি একটি চার কোনা এবং নিচে চাকাযুক্ত বাক্সের ওপর বসানো। জাপানের ইলেকট্রনিকস জায়ান্ট সনি এ রোবোটিক বাহু তৈরি করেছে। এটির নাম এইস।
ক্যামেরা-চোখ ও কৃত্রিম বুদ্ধিমত্তা
সম্প্রতি এইসকে পেশাদার খেলোয়াড়দের বিপক্ষে প্রতিযোগিতায় নামানো হয়। কোর্টের চারপাশে সেটির ৯টি ক্যামেরা-চোখ লাগানো ছিল। খেলা শুরুর পর দেখা গেল, ক্যামেরা-চোখগুলো কাজে লাগিয়ে রোবটটি মানুষ খেলোয়াড়দের সামনে সত্যিকারের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হচ্ছে। রোবটটির আটটি জয়েন্ট রয়েছে, যা এর চলাচল নিয়ন্ত্রণ করে। এটি রি–ইনফোর্সমেন্ট লার্নিং নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পদ্ধতি ব্যবহার করে টেবিল টেনিস খেলা শিখেছে।
গবেষণা ও মাইলফলক
সনির এআই গবেষক পিটার ড্যুর বলেন, হাতে কোড লিখে (ম্যানুয়ালি প্রোগ্রাম করে) কোনো রোবটকে টেবিল টেনিস খেলা শেখানো সম্ভব নয়। কীভাবে খেলতে হবে, সেটা অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হয়। এ নিয়ে বিজ্ঞান সাময়িকী নেচার–এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের সহলেখক হচ্ছেন পিটার ড্যুর। সনি বলেছে, এই প্রথমবার কোনো রোবট বাস্তব জীবনের একটি সাধারণ প্রতিযোগিতামূলক খেলায় (টেবিল টেনিসে) মানুষের মতো বিশেষজ্ঞ পর্যায়ের দক্ষতা দেখাতে পেরেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট গবেষণার জন্য বড় এক মাইলফলক।



