সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ‘অ্যাশেজ’ খ্যাত জুনায়েদ ইভান। তিনি এআই দিয়ে গান, কবিতা, সাহিত্য কিংবা চলচ্চিত্রের সংলাপ তৈরিকে নৈতিকভাবে সমর্থন করেন না বলে জানিয়েছেন।
এআই ব্যবহারের নৈতিক দিক
এ বিষয়ে নিজের মত প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জুনায়েদ ইভান। তার মতে, এআইকে সৃজনশীল কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। বরং রাষ্ট্রীয় ও সামাজিকভাবে এর ব্যবহার সীমিত করা বা বয়কট করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “এআই কবি, সাহিত্যিক, গায়ক বা সিনেমার সংলাপ—এসব জায়গায় ব্যবহার করা ঠিক না। এতে মানুষের মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়। ভবিষ্যতে মানুষ সৃজনশীলতা হারাতে পারে।”
সৃজনশীলতা ও মানবিক অনুভূতি
ইভান আরও বলেন, এআইকে কেবল একটি সহায়ক টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে সৃজনশীলতার মূল জায়গা মানুষের হাতেই থাকা উচিত। তার মতে, এআই ব্যবহারের এই প্রবণতা ভবিষ্যতে শিল্প-সংস্কৃতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় জুনায়েদ ইভানের। আলাপকালে তিনি বলেন, আমরা যখন গান করি, তখন আট–দশ বছর ধরে একটি লিরিক নিয়ে কাজ করি, সুর নিয়ে কাজ করি। তারপর সেটি মানুষের কাছে পৌঁছায়। এআই দিয়ে তৈরি গান যখন মানুষের কাছে সহজলভ্য হয়ে যাবে, তখন আমাদের কষ্টসাধ্য মৌলিক সৃষ্টির প্রতি ভুল মূল্যায়ন হতে পারে। নৈতিকতার দৃষ্টিকোণ থেকেও এটি সম্পূর্ণ অনৈতিক।
তিনি আরও বলেন, “আহমদ ছফা একটি উপন্যাস লিখছিলেন। সে সময় দু’দিন তিনি না খেয়ে পথে পথে ঘুরছিলেন। কেন ঘুরছিলেন তা জানতে চাইলে তিনি বলেছিলেন, ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব না করলে তা নিয়ে লিখবো কী করে? এআই-এর পক্ষে কি তা সম্ভব?”
সতর্কবার্তা ও ভবিষ্যৎ
ইভান সতর্কবার্তায় জানান, এআই আমাদের চোখ নষ্ট করছে, কান নষ্ট করছে। “একশ–দেড়শ বছর পর হয়তো আমরা কাউকে গিটার বাজাতে দেখবো না। এআই আমাদের সে জায়গায় নিয়ে যাওয়ার আগেই সচেতন হওয়া জরুরি।”
শুধু তাই নয়, কোথায় সহায়ক হিসেবে এআই ব্যবহার করা যাবে, কোথায় যাবে না—এ নিয়ে রাষ্ট্রের নীতিমালা প্রণয়নও জরুরি বলে মনে করেন তিনি।
জুনায়েদ ইভানের বর্তমান কার্যক্রম
জুনায়েদ ইভান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের গীতিকার, সুরকার ও ভোকালিস্ট। কথাসাহিত্যিক হিসেবেও তার লেখা বই বইমেলায় বেস্টসেলার হয়। গায়ক হিসেবে তিনি তুমুল জনপ্রিয়। বর্তমানে অ্যাশেজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইভান। ঈদের বিরতির পর জুন মাসে প্রায় এক ডজনের বেশি কনসার্ট নিয়ে দেশ ঘুরবেন তিনি। জুলাইয়ে তিনি ইউরোপ ট্যুরে যাবেন। ফ্রান্স ও ইতালিতে কনসার্টে পারফর্ম করবে অ্যাশেজ।
ভক্তদের জন্য সুখবর হলো—নতুন গান নিয়ে আসছে অ্যাশেজ। জুনের মাঝামাঝিতে প্রকাশিতব্য গানটির নাম ‘খোয়াবে’।



