এআই ও সাইবার নিরাপত্তা এখন রাষ্ট্রের অপরিহার্য শর্ত: তথ্যমন্ত্রী
এআই ও সাইবার নিরাপত্তা রাষ্ট্রের অপরিহার্য শর্ত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সক্ষমতা এখন আর শুধু প্রযুক্তিগত বিষয় নয়; বরং এগুলো রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছে।

ডিজিটাল সক্ষমতার গুরুত্ব

তিনি বলেন, 'যদি কোনো দেশ ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়ে, তাহলে ভবিষ্যতে তার রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই হুমকির মুখে পড়তে পারে।'

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আয়োজিত সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ

স্বপন বলেন, বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এই বাস্তবতায় বাংলাদেশকে প্রতিযোগিতামূলক থাকতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে, শিক্ষাক্রমে ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করতে হবে এবং নীতি নির্ধারণ পর্যায়ে প্রযুক্তির গভীর বোঝাপড়া নিশ্চিত করতে হবে।

তিনি প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষ এবং নীতিনির্ধারকদের মধ্যে প্রযুক্তিগত বাস্তবতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

তরুণ প্রতিভা বিকাশের উপর জোর

মন্ত্রী দেশের প্রতিভাবান তরুণদের চিহ্নিত করে তাদেরকে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।

ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম টিটুসহ অনেকে বক্তব্য রাখেন। ইঞ্জিনিয়ার মো. রেদওয়ান জামান আনিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ