টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলায় হেরে গেছেন। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের একটি ফেডারেল আদালতের জুরিবোর্ড সর্বসম্মতভাবে রায় দিয়েছে যে, মামলাটি দায়ের করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। ৯ সদস্যের জুরিবোর্ডের এই সিদ্ধান্তের পর বিচারক ইভন গঞ্জালেজ রজার্স মামলাটি খারিজ করে দেন।
মামলার পটভূমি
২০১৫ সালে ইলন মাস্ক ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্ঠানটিকে অলাভজনক হিসেবে গড়ে তুলতে তিনি ব্যক্তিগতভাবে ৩ কোটি ৮০ লাখ ডলার অর্থায়ন করেছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের বিরুদ্ধে মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, তাঁরা একটি দাতব্য সংস্থাকে চুরি করে লাভজনক ব্যবসায়িক কাঠামোতে রূপান্তর করেছেন এবং নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়েছেন।
মাস্কের বক্তব্য
চলতি মাসের শুরুতে আদালতে দেওয়া জবানবন্দিতে ইলন মাস্ক বলেন, ‘আমি বোকা ছিলাম। একটি স্টার্টআপ তৈরি করার জন্য আমি ওদের বিনা মূল্যে তহবিল জুগিয়েছিলাম।’ তিনি ওপেনএআইয়ের লাভজনক শাখা থেকে ১৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ পুনরায় অলাভজনক শাখায় ফেরত দেওয়া এবং অল্টম্যান ও ব্রকম্যানের পদত্যাগ দাবি করেছিলেন।
ওপেনএআইয়ের যুক্তি
ওপেনএআইয়ের আইনজীবীরা যুক্তি দেখান, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যে কোনো পরিবর্তন আসেনি এবং এটি এখনো একটি অলাভজনক ফাউন্ডেশন বোর্ড দ্বারা পরিচালিত হচ্ছে। তাঁরা দাবি করেন, মাস্ক আসলে ওপেনএআইয়ের ক্ষতি করার উদ্দেশ্যেই মামলা করেছেন, কারণ তিনি এক্সএআই নামের একটি প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
আইনগত দিক
জানা গেছে, ওপেনএআইয়ের লাভজনক কাঠামোতে যাওয়ার বিষয়টি ২০২১ সালের আগেই মাস্কের জানা ছিল। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, দাতব্য ট্রাস্ট ভঙ্গের মামলা করার সময়সীমা সর্বোচ্চ তিন বছর। মাস্ক ২০২৪ সালে মামলা করায় সেই সময়সীমা পার হয়ে গেছে।
প্রতিক্রিয়া
রায়ের পর ওপেনএআইয়ের প্রধান আইনজীবী উইলিয়াম স্যাভিট বলেন, ওপেনএআই একটি অলাভজনক এবং লক্ষ্যচালিত সংস্থা, যা সব সময় তার মূল লক্ষ্যের প্রতি অনুগত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘মামলাটি সময় পার হয়ে যাওয়ার কারণে খারিজ করার জুরি বোর্ডের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’
রায়ের পর এক্সে (পূর্বে টুইটার) ইলন মাস্ক লেখেন, বিচারক একটি ভীষণ খারাপ নজির তৈরি করেছেন। তিনি বলেন, বিচারক এবং জুরি বোর্ড মামলার মূল বিষয়ের ওপর কোনো রায় দেননি, বরং কেবল ক্যালেন্ডারের কারিগরি নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, যাঁরা পুরো মামলাটি বিশদভাবে দেখেছেন, তাঁদের কাছে কোনো সন্দেহ নেই যে অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য সংস্থা চুরি করে নিজেদের সমৃদ্ধ করেছেন।



