হজে এবার এআই ও স্মার্ট ডিভাইসের রাজত্ব, জানুন ডিজিটাল সেবা
হজে এবার এআই ও স্মার্ট ডিভাইসের রাজত্ব

হজ এখন আর মরুভূমির পথচলা নয়, বরং একটি সুশৃঙ্খল এবং প্রযুক্তি-নির্ভর যাত্রা। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে বের করা—সবকিছুতেই এখন রাজত্ব করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্মার্ট ডিভাইস। ২০২৬ সালে হজের প্রস্তুতি নিতে থাকা হাজিদের জন্য ডিজিটাল এই ব্যবস্থাগুলো জানলে সফর অনেক সহজ হবে।

১. নুসুক

সৌদি হজ–ওমরাহ মন্ত্রণালয়ের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক (Nusuk)। অ্যাপটির মাধ্যমে শতাধিক ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। রিয়াজুল জান্নাহ’তে স্লট বুক করা, পবিত্র স্থানের মানচিত্র, মাসআলা এবং জরুরি দোয়া এবং হজের প্রধান পাঁচ দিন কখন কোথায় অবস্থান করতে হবে, তার রিয়েল-টাইম তথ্য এখানে পাওয়া যাবে।

স্মার্ট কার্ড: প্রতিটি নিবন্ধিত হজযাত্রীর জন্য নুসুক স্মার্ট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। এতে হাজিদের ব্যক্তিগত তথ্য, মেডিকেল রেকর্ড এবং মক্কা-মদিনার বাসস্থানের ঠিকানা সংরক্ষিত থাকে। মিনা, আরাফাহ ও মুজদালিফায় প্রবেশের জন্য কার্ডটি স্ক্যান করা হয়। হাজি হারিয়ে গেলে এই কার্ড স্ক্যান করে তাঁর দলের অবস্থান ও হোটেল খুঁজে পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. তাওয়াক্কালনা

তাওয়াক্কালনা (Tawakkalna) অ্যাপে আপনার ভিসা তথ্য, পাসপোর্টের ডিজিটাল কপি এবং স্বাস্থ্য বিমার যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে। মক্কার বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা তল্লাশির সময় এটি প্রয়োজন হয়।

৩. স্মার্ট ট্রান্সপোর্ট

হজযাত্রীদের জন্য এ–বছর মক্কায় ইলেকট্রিক স্মার্ট বাস ও মাসার বিআরটি (Masar BRT) সিস্টেম চালু হয়েছে। স্টপেজের ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাবে পরবর্তী বাস কখন আসবে। ফোনেই বাসের টিকিট কাটা যায়। জেদ্দা থেকে মক্কা বা মদিনা যেতে ট্রেনের টিকিট থাকছে ‘হারামাইন হাই-স্পিড রেলওয়ে’ (HHR Train) অ্যাপে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৪. স্মার্ট ব্রেসলেট

অনেক দেশ তাদের হাজিদের জন্য বিশেষ কিউআর কোডযুক্ত ব্রেসলেট সরবরাহ করে, যা স্ক্যান করলে জরুরি যোগাযোগ নম্বর পাওয়া যায়। এ ছাড়া এটি হাজিদের হার্টবিট, রক্তচাপ এবং শরীরের তাপমাত্রাও পর্যবেক্ষণ করতে পারে, যা বয়স্ক হাজিদের জন্য অত্যন্ত সহায়ক। তবে নুসুক অ্যাপের মাধ্যমেও অ্যাম্বুলেন্স বা জরুরি সাহায্যের জন্য সিগন্যাল পাঠানো যায়। আরও আছে ‘সেহাতিনা’ (Sehatina) সার্ভিস, যার মাধ্যমে ভিডিও কলে সরাসরি চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

৫. ইন্টারেক্টিভ ম্যাপ ও রোবট

মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে ভিড় ব্যবস্থাপনা এবং দিকনির্দেশনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হচ্ছে। স্মার্ট রোবট: হারামাইন শরীফাইনে এখন এআই রোবট রয়েছে যা হাজিদের প্রশ্নের উত্তর দেয়, সঠিক পথ দেখায় এবং জমজমের পানি ও ধর্মীয় বই বিতরণ করে। গুগল ম্যাপস (অফলাইন): হজের সময় নেটওয়ার্কের ওপর নির্ভর না করে মক্কা ও মদিনার অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখা বুদ্ধিমানের কাজ। এতে নিজের হোটেল বা নির্দিষ্ট গেট খুঁজে পাওয়া সহজ হয়।

পরামর্শ

  • যাত্রা শুরুর আগেই নুসুক ও তাওয়াক্কালনা অ্যাপ ডাউনলোড করে আপনার প্রোফাইল অ্যাকটিভ করে নিন।
  • মক্কা ও মদিনায় গুগল ম্যাপের Offline Maps ডাউনলোড করে রাখুন। এতে ইন্টারনেট না থাকলেও আপনার হোটেলের পথ খুঁজে পাবেন।
  • ফোনে চার্জ দেওয়ার জন্য সবসময় একটি ভালো মানের পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।
  • আপনার নুসুক স্মার্ট কার্ডটি সবসময় গলায় বা সহজে অ্যাক্সেস করা যায় এমন জায়গায় রাখুন।
  • হজের সময় ইন্টারনেটের জন্য আপনি স্থানীয় টেলিকম (STC, Mobily বা Zain) থেকে বিশেষ ‘হজ সিম’ সংগ্রহ করতে পারেন, যেখানে সোশ্যাল মিডিয়া ও নেভিগেশনের জন্য প্রচুর ডেটা দেওয়া হয়।