ওয়াই-ফাই ৮: গতি নয়, নির্ভরযোগ্যতায় নতুন দিগন্ত খুলবে প্রযুক্তিটি
ওয়াই-ফাই ৮: নির্ভরযোগ্যতায় নতুন দিগন্ত খুলবে প্রযুক্তিটি

বাংলাদেশসহ উন্নত বিশ্বে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। ঢাকার একটি করপোরেট অফিসের কথা কল্পনা করুন—সকালে কাজ শুরুর আগেই নেটওয়ার্কের লোড বেড়ে যায়। সফটওয়্যার প্রকৌশলীরা ক্লাউডভিত্তিক কোডবেজে কাজ করছেন, ডেটা টিম রিয়েল-টাইম অ্যানালিটিকস চালাচ্ছে, আর একটি স্টার্টআপ দল এআই মডেলের সরাসরি প্রশিক্ষণ পর্যবেক্ষণ করছে। এই পুরো সেটআপ নির্ভর করছে একটি একক ওয়াই–ফাই অবকাঠামোর ওপর, যেখানে সামান্য ল্যাটেন্সি বা প্যাকেট লস মানেই কাজ বন্ধ, উৎপাদনশীলতা হ্রাস ও আর্থিক ঝুঁকি। বিশ্বজুড়ে এই ধরনের উচ্চমার্গীয় ডিজিটাল পরিবেশ দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে। এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নেটওয়ার্ক প্রযুক্তি বদলাচ্ছে, বিশেষ করে তারহীন প্রযুক্তি।

ওয়াই-ফাই ৮ কী?

ওয়াই-ফাই ৮ বা আইইইই ৮০২.১১ বিএন হচ্ছে নতুন প্রজন্মের তারহীন ইন্টারনেট প্রযুক্তি, যা বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। এই প্রযুক্তির মূল লক্ষ্য আগের ওয়াই-ফাই সংস্করণগুলোর মতো শুধু গতি বাড়ানো নয়—বরং আলট্রা হাই রিলিয়াবিলিটি (ইউএইচআর) বা অত্যন্ত নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই ৮ এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলবে, যা শুধু যন্ত্রকে সংযুক্ত রাখবে না, বরং ব্যবহারকারীর চাহিদা বুঝে নিজেই কার্যক্ষমতা ঠিক করতে পারবে।

প্রযুক্তিগত বৈশিষ্ট্য

ওয়াই-ফাই ৮–এ বেশ কিছু উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা একে আগের প্রজন্ম থেকে আলাদা করে:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • মূলত-এক্সেস পয়েন্ট কো–অর্ডিনেশন: একাধিক রাউটার একসঙ্গে কাজ করে সিগন্যাল ইন্টারফেরেন্স কমায় এবং নেটওয়ার্কের দক্ষতা বাড়ায়।
  • ডাইনামিক সাব-চ্যানেল অপারেশন: স্পেকট্রাম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি করে, ফলে দ্রুত ও স্থিতিশীল ডেটা ট্রান্সমিশন সম্ভব হয়।
  • এনহান্সড লং রেঞ্জ (ইএলআর): দূরবর্তী যন্ত্রগুলোতেও শক্তিশালী সংযোগ প্রদান করে।
  • আলট্রা-লো ল্যাটেন্সি: রিয়েল-টাইম অ্যাপ্লিকেশনের জন্য অত্যন্ত কম বিলম্ব নিশ্চিত করে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপটিমাইজেশন: নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে নিজের পারফরম্যান্স উন্নত করতে পারে।

ওয়াই-ফাই ৮ কেন গুরুত্বপূর্ণ

বর্তমানে একটি ঘরেই একাধিক স্মার্ট যন্ত্র ব্যবহৃত হয়—স্মার্ট টিভি, মোবাইল, আইওটি যন্ত্র, গেমিং কনসোল ইত্যাদি। একই সঙ্গে শিল্প খাতেও স্বয়ংক্রিয়করণ দ্রুত বাড়ছে। এই চাহিদার প্রেক্ষাপটে ওয়াই-ফাই ৮–এর গুরুত্ব বহুগুণে বেড়েছে। কারণ—

  • ওভারলোডেড নেটওয়ার্কেও স্থিতিশীলতা নিশ্চিত করবে
  • রিমোট সার্জারি, অগমেন্টেড রিয়েলিটি/ভার্চ্যুয়াল রিয়েলিটি, ক্লাউড গেমিংয়ের মতো প্রযুক্তিকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করবে
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট সিস্টেমের জন্য নির্ভরযোগ্য অবকাঠামো তৈরি করবে

এই প্রযুক্তি কোথায় বাস্তবে ব্যবহার হতে পারে?

স্বাস্থ্যসেবা: টেলিমেডিসিন ও রিমোট সার্জারিতে সঠিক সময়ে নির্ভুল ডেটা সরবরাহ নিশ্চিত করবে।

শিল্প খাত: স্মার্ট কারখানায় রোবট ও আইওটি যন্ত্র নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারবে।

স্মার্ট হোম: একাধিক যন্ত্র ব্যবহারের ফলে নেটওয়ার্ক ধীরগতির হওয়ার ঝুঁকি কমবে।

গেমিং ও ভার্চ্যুয়াল রিয়েলিটি: রিয়েল-টাইম পারফরম্যান্স এবং কম ল্যাটেন্সির ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হবে।

কবে আসছে ওয়াই-ফাই ৮?

ওয়াই-ফাই ৮ এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, আইইইই মান অনুমোদন আনুমানিক ২০২৮ সালে আসতে পারে এবং বাজারে যন্ত্র আসতে পারে ২০২৮–২০৩০ সালের মধ্যে।

ওয়াই-ফাই ৮ প্রযুক্তি আমাদের শেখাচ্ছে ভবিষ্যতের ইন্টারনেট শুধু দ্রুত হলেই চলবে না, বরং এটি হতে হবে আরও বুদ্ধিমান, নির্ভরযোগ্য এবং অভিযোজনক্ষম। যে পৃথিবীতে প্রতিদিন কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট যন্ত্র ও রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বাড়ছে, সেখানে ওয়াই-ফাই ৮ শুধু একটি নতুন প্রযুক্তি নয়, এটি একটি নতুন যুগের সূচনা।

সূত্র: নেটগিয়ার, কোয়ালকম। শামীম আহমেদ: যুক্তরাষ্ট্রপ্রবাসী নেটওয়ার্ক বিশেষজ্ঞ।