উইন্ডোজ ১১ আপডেটে ত্রুটি স্বীকার মাইক্রোসফটের, ফাইল মুছতে গিয়ে নাম বদল
উইন্ডোজ ১১ আপডেটে ত্রুটি স্বীকার মাইক্রোসফটের

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সর্বশেষ হালনাগাদ ইনস্টলের পর বেশ ভালোই ঝামেলায় পড়েছেন কম্পিউটার ব্যবহারকারীরা। মাইক্রোসফট স্বীকার করেছে যে এই সংস্করণে ত্রুটি রয়েছে। ত্রুটির কারণে ফাইল স্থায়ীভাবে মুছে ফেলার সময় কনফারমেশন ডায়ালগে ফাইলের প্রকৃত নামের পরিবর্তে অভ্যন্তরীণ বা সিস্টেম ফাইলের নাম দেখা যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ চলছে।

ত্রুটির বিবরণ ও প্রভাব

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবি৫০৯৪১২৬ আপডেট ইনস্টলের পর কারিগরি সমস্যা দেখা দিচ্ছে। কোনো ফাইল রিসাইকেল বিন থেকে স্থায়ীভাবে মুছে ফেলতে গেলে কনফারমেশন ডায়ালগে ফাইলটির পরিচিত নামের বদলে ভিন্ন একটি নাম দেখা যাচ্ছে। তবে ত্রুটিটি শুধু কনফারমেশন ডায়ালগেই দেখা গেছে। রিসাইকেল বিনে ফাইলের সঠিক নাম দেখা যাচ্ছে। আবার কোনো ফাইল রিকভারি করলেও সেটি আগের নামেই ফিরে আসছে। ফলে তথ্য হারানোর আশঙ্কা না থাকলেও বিষয়টি ব্যবহারকারীদের জন্য বিভ্রান্তিকর হয়ে উঠেছে।

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও এআই কোড বিতর্ক

নতুন এই ত্রুটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ফোরামে অসন্তোষ প্রকাশ করছেন অনেক ব্যবহারকারী। রেডিটে অনেকে দাবি করেছেন, এ ধরনের সমস্যার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা কোডের ভূমিকা থাকতে পারে। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বছর মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটির প্রায় ৩০ শতাংশ কোড এআইয়ের সহায়তায় লেখা হয়েছে। প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, বর্তমানে এ হার আরও বেড়েছে। তবে এআইনির্ভর কোডের নির্ভরযোগ্যতা বা কার্যকারিতা নিয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: টেক রাডার

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ