সিংগাইরে ভূমিসেবা মেলার উদ্বোধন, চলবে তিন দিন
সিংগাইরে ভূমিসেবা মেলার উদ্বোধন, চলবে তিন দিন

সিংগাইরে ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার সভায় সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

তিনি বলেন, ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিংগাইর উপজেলায় বিএস রেকর্ডে ভূমির মালিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখা হবে বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি সর্বস্তরের মানুষকে মেলায় এসে সেবা গ্রহণের আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম, সাবরেজিস্ট্রার মোছা. মাহমুদা আক্তার, সেটেলমেন্ট কর্মকর্তা মো. শান্তি মনি চাকমা, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান বিবেক, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, সিংগাইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস এবং সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেন প্রমুখ।

সেবাগ্রহীতাদের মধ্যে গোলাম মওলা ও জাহিদ ফকির বক্তব্য দেন। এ সময় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ইউএনও খায়রুন্নাহারের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানা গেছে, ডিজিটাল ভূমিসেবাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে মেলা প্রাঙ্গণে সরাসরি বিভিন্ন সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সহায়তা, খতিয়ানের সত্যায়িত কপি সংগ্রহ এবং ডিসিআর প্রাপ্তির সুবিধা। এছাড়া ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ-সংক্রান্ত তথ্য ও সেবাও দেওয়া হবে।

মেলায় সাধারণ মানুষের সুবিধার্থে সহজ ভাষায় লেখা ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে। পাশাপাশি ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে।